নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবনে উপস্থিত হন। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন।
বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।