সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকার স্তূপ থেকে চিঠিটি উদ্ধার করা হয়।
চিঠিতে লেখক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। এতে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনা এবং দেশে ফিরে আসার জন্য দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে। চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে তারিখ লেখা রয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬। ওই দিন শেখ হাসিনার জন্মদিন ছিল।
এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি এবং উপস্থিত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টাকা গণনার কার্যক্রম চলছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছিল। সে হিসাবে প্রায় ৩৫ দিন পর শনিবার আবারও দানবাক্সগুলো খোলা হয়।
গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে দৈনন্দিন খরচ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।