Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠি - Chief TV

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠি - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  51 views
শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠি - Chief TV

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে লেখা একটি চিঠি পাওয়া গেছে। শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার সময় টাকার স্তূপের মধ্য থেকে চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বয়সসীমাসহ সাংগঠনিক নিয়মকানুন চালুর অনুরোধ জানানো হয়েছে। লেখকের প্রস্তাব, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ ২ দশমিক ৫ এবং কর্মী হতে হলে এইচএসসি পাসসহ জিপিএ ৩ দশমিক ৫ বাধ্যতামূলক করা হোক। পাশাপাশি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কাউকে দলের সঙ্গে যুক্ত না করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে প্রেরকের নাম উল্লেখ নেই। তবে লেখক জানিয়েছেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরবর্তী সময়ে তিনি সরে দাঁড়ান। চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’।

3-0bcd9e-1.jpg

এদিকে শনিবার সকালে হজরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল প্রতিনিধি এবং উপস্থিত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টাকা গণনার কার্যক্রম চলছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে হিসাবে প্রায় ৩৫ দিন পর এবার আবারও দানবাক্স খোলা হলো।

দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়। এরপর ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর দানবাক্স ও ডেগ খুলে চার দফায় মোট ২ কোটি ২৯ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া যায়। এবার পূজার দীর্ঘ ছুটিতে দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি বাড়ায় আগের তুলনায় রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় দানবাক্সের টাকা নিয়মিত গণনার সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে।


Share: