নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে সারের জন্য চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাইনে নিজেদের অবস্থান ধরে রাখতে জুতা রেখে সিরিয়াল দিচ্ছেন কৃষকেরা।
স্থানীয় কৃষকেরা জানান, জমিতে সময়মতো সার প্রয়োগ করা জরুরি। কিন্তু পর্যাপ্ত সার না পাওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে একদিকে যেমন তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
অনেক কৃষক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে জুতা রেখে নিজেদের সিরিয়াল ধরে রাখছেন। পরে নির্ধারিত সময়ে এসে সার সংগ্রহ করছেন তারা।
কৃষকদের অভিযোগ, চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
ভুক্তভোগী কৃষকেরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সারের জন্য দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমবে। একই সঙ্গে সময়মতো জমিতে সার প্রয়োগ করে ফসল উৎপাদনও নিশ্চিত করা সম্ভব হবে।