Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই - Chief TV

সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই - Chief TV

2026-07-21  ডেস্ক রিপোর্ট  54 views
সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই - Chief TV

ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর আগে আরও দুই মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। 

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় তিন মামলাতেই তার জামিন হয়েছে। 

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ জুন ওয়ারী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ জানুয়ারি সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজের প্রস্তাব পান। পরে বিভিন্ন কৌশলে তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয় এবং প্রথমদিকে টাকা পাঠিয়ে মুনাফাসহ ফেরত দিয়ে তার আস্থা অর্জন করা হয়। একপর্যায়ে বিভিন্ন কাজের কথা বলে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। 

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি গত বছরের জানুয়ারিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেন। 


Share: