যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) ও তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুজ্জামান শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা এবং তার সহযোগী রতন কাজীপাড়া কাঠালতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলোক কুমার দের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার রাতে ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সেখানে অভিযান চালিয়ে সাইদুজ্জামান ও রতনকে আটক করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।