Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান - Chief TV

শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান - Chief TV

2026-08-16  ডেস্ক রিপোর্ট  55 views
শেখ হাসিনাকে ফেরতসহ ৩ শর্তে ভারত সফর করবেন তারেক রহমান - Chief TV

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না, তা নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই তারেক রহমানের ভারত সফর হতে পারে—এমন খবরও প্রকাশ করেছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম। তবে সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।

এরই মধ্যে রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে এ বিষয়ে দিল্লিকে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একেএম শহীদুলের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তসহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে ঢাকা। এসব বিষয়ে অগ্রগতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছিল, তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তার সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এমন আলোচনার মধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণ ও পলাতক আসামিদের ফেরানোর বিষয়টি সামনে আসায় ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


Share: