Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরগুনা / স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর 'অশ্লীল নৃত্য', ভিডিও ভাইরাল - Chief TV

স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর 'অশ্লীল নৃত্য', ভিডিও ভাইরাল - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  40 views
স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর 'অশ্লীল নৃত্য', ভিডিও ভাইরাল - Chief TV

বরগুনার তালতলীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আয়োজনের অভিযোগ উঠেছে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে দুই নারী নৃত্য পরিবেশন করছেন। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন পুরুষকেও অংশ নিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে রাতে বিদ্যালয়ের পাশেই পিকনিকের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকেরা। অভিযোগ রয়েছে, বৃষ্টির কারণে তাঁরা বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ করেন এবং একটি কক্ষের তালা ভেঙে সেখানে নাচের আয়োজন করেন। এ জন্য পাশের আমতলী উপজেলা থেকে দুই নারীকে আনা হয়েছিল বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যাওয়া ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি শুরু হলে তাঁরা বিদ্যালয়ের ভেতরে যান। সেখানে দুই-একটি নাচের পরিবেশনা হয়, পরে তাঁরা চলে আসেন। ভিডিওতে তাঁকে দেখা গেলেও স্থানীয় লোকজন তাঁকে টেনে তুলেছিলেন বলে দাবি করেন তিনি। নাচে অংশ নেওয়া দুই নারী স্থানীয় নন, তাঁদের আমতলী থেকে আনা হয়েছিল বলেও জানান তিনি।

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, গত শুক্রবার এ আয়োজন করা হলেও তিনি পরে বিষয়টি জানতে পেরেছেন। তাঁকে কিছু না জানিয়ে বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ এবং কক্ষের তালা ভাঙা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।

তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ করে কক্ষের তালা ভেঙে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: