Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / সৌদি কারখানায় আগুনে নিহত সাত প্রবাসীর জানাজা নওগাঁয় - Chief TV

সৌদি কারখানায় আগুনে নিহত সাত প্রবাসীর জানাজা নওগাঁয় - Chief TV

2026-08-29  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  29 views
সৌদি কারখানায় আগুনে নিহত সাত প্রবাসীর জানাজা নওগাঁয় - Chief TV

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে আনার পর একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টায় নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

বিমানবন্দর থেকে প্রশাসনের সহযোগিতায় মরদেহগুলো রাত দেড়টার দিকে আত্রাই উপজেলায় পৌঁছায়। পরে শুক্রবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে একসঙ্গে সাত প্রবাসীর জানাজা সম্পন্ন হয়।

জানাজার নামাজে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিজ নিজ গ্রামে নিয়ে যান।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নিহত সাতজন হলেন আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।


Share: