Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা - Chief TV

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  47 views
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা - Chief TV

সৌদি আরবের মক্কায় প্রবাসী বাংলাদেশি যুবক নজরুল ইসলামের (২২) মৃত্যুদণ্ড কার্যকরের খবর পৌঁছানোর পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের অভিযোগ, স্বজনদের না জানিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্বজনেরা।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করার আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান বিরামপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুল বাছিরের বড় ছেলে নজরুল ইসলাম। সেখানে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। চার ভাই-বোনের মধ্যে নজরুলই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার প্রায় ছয় মাস পর মক্কার একটি মসজিদে সুইটি আক্তার নামে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ও সুইটিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরপর দীর্ঘ তিন বছর তিন মাস কারাবন্দি থাকার পর গত বুধবার (১৪ অক্টোবর) তাঁদের দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে পরিবার জানতে পেরেছে।

নিহতের স্বজনেরা জানান, কারাবন্দি থাকা অবস্থায় প্রতি রোববার পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলতেন নজরুল। তবে গত বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারকে কিছু জানানো হয়নি বলে তাঁদের অভিযোগ। গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে তাঁরা নজরুলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

নজরুলের মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁদের না জানিয়ে এবং ছেলেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে তিনি মনে করেন।

ছেলের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল বাছির। অসুস্থ হয়ে পড়া এই বাবা বলেন, তাঁর ছেলে কী অপরাধ করেছে, তা একমাত্র আল্লাহই জানেন। এখন তিনি শুধু সন্তানের মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনতে চান।

এদিকে, ভাইপোর মৃত্যুর খবর শুনে বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নজরুলের ফুফু আবেদা বেগম বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁদের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরাও শোক প্রকাশ করে দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় খরচে নজরুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সরকারের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।


Share: