Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী - Chief TV

স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  40 views
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী - Chief TV

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও সমস্যাগুলো এখন অনেকটাই কমে এসেছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টিভেট খাত সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও টিভেট সেক্টরে চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে সম্প্রতি চীন সফর করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, চীনের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিতে আগ্রহ দেখিয়েছে। চীন সফরে দেশটির শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ’ মডেল পর্যবেক্ষণ করা হয়েছে এবং বাংলাদেশেও একই ধরনের কার্যকর মডেল অনুসরণের পরিকল্পনা রয়েছে।

এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং ভাষা শিক্ষা কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের সুযোগও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চীনের যৌথ অংশীদারত্বে বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দ্রুত প্রশিক্ষণ ও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, চীন থেকে আসা ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়ায় কিছু জটিলতা ছিল। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস পাওয়া গেছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার বিষয়ে মন্ত্রিসভায় আলোচনার পর বিশেষ কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখন স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের যাতায়াতে আর কোনো বাধা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় শিক্ষা খাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খুব শিগগিরই শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণসহ কর্মমুখী বিভিন্ন কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।


Share: