Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি - Chief TV

স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  33 views
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি - Chief TV

স্বামীর মৃত্যুর দুই দিনের মাথায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার বাসভবনের উদ্দেশে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানান, দীপু মনির প্যারোলে মুক্তির জন্য বুধবার তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে তার মরদেহ ঢাকার কলাবাগানের বাসভবনে নেওয়া হয়। পরে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়ার কথা রয়েছে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চার দিনের প্যারোল চাওয়া হলেও জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য আবেদনটি মঞ্জুর করেছেন।

কারা সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোলের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী পুলিশি পাহারায় তাকে ঢাকায় পাঠানো হয়। তার প্রিজন ভ্যানের সামনে ও পেছনে পুলিশের দুটি পৃথক গাড়ি ছিল। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।


Share: