মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা দায়েরের দায়ে লাভলী আক্তার নামে এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্বামী আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দোলন বিশ্বাস এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে আরিফুল ইসলাম রতনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন স্ত্রী লাভলী আক্তার। মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১৫ এপ্রিল আরিফুল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করেন। পরে আরও একটি ঘটনায় যৌতুক দাবির অভিযোগ আনা হয়।
তবে আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে দেখা যায়, অভিযোগে উল্লেখ করা দুই ঘটনার সময়ই আরিফুল ইসলাম বিদেশে ছিলেন। তিনি ২০২১ সালের ৮ এপ্রিল চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান এবং ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন। পরে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে গত ২৭ জুলাই আদালত তাকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেন।
এরপর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৬ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত লাভলী আক্তারকে ওই ধারায় ১০ দিনের কারাদণ্ড দেন।
তবে রায় ঘোষণার পর আপিলের শর্তে জামিনের আবেদন করা হলে আদালত এক মাসের মধ্যে আপিল করার শর্তে এক হাজার টাকা বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন কোহিনুর বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তার মক্কেলকে খালাস দিয়েছেন। পরে মিথ্যা মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয় এবং শুনানি শেষে আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার জানান, সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। আদালত এক মাসের মধ্যে আপিল করার শর্তে এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন।
আইনজীবীদের মতে, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করলে বাদীকেও যে আইনি পরিণতির মুখোমুখি হতে হবে, এই রায় তার একটি গুরুত্বপূর্ণ বার্তা। এ ধরনের রায় মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমানোর পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখতে পারে।