লালমনিরহাট সদর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা নদীর তীব্র ভাঙন রোধে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ধরলা নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙন ও গতিপথ পরিবর্তনের কারণে সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাও হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নদীর ডান তীরে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁর তদারকি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ধরলা নদীর ডান তীরের স্থায়ী সুরক্ষা নিশ্চিত হবে। একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে হাজারো পরিবার, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে এবং এলাকার সামাজিক-অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও কমে আসবে।
প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর নদীপাড়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।