ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দিল্লি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে নর্থ ব্লক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার বয়লারে আগুন লাগে। সেখানে ঝালাইয়ের কাজ চলার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা নর্থ ব্লক। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এ ভবনে অবস্থিত। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ও রয়েছে।