‘মানব সেবাই আমাদের উদ্দেশ্য’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুরে স্মার্ট ফারমার্স ডেইরী অ্যান্ড অ্যাগ্রো ইকো রিসোর্ট লিমিটেডে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, সম্মানিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ও বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) মো. আব্দুল আজিজ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাসুদ কাইয়া। গাজীপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন জাকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আহাদ সরকারের সঞ্চালনায় সভায় জেলা ও মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় জেলা ও মহানগর কমিটির নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে হাড়ি ভাঙা ও বালিশ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু তাসরিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাকে উপজীব্য করে অভিনয় পরিবেশন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং মানবসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। অন্যদিকে মহাসচিব পরিচিতি সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও সাংগঠনিক সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে উল্লেখ করে ভবিষ্যতের কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংবাদিক কাইয়ুম বাদশাহ, কক্সবাজারের প্রতিনিধি চৌধুরী আ.জ.ম. খাইরুল বাশার রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।