ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ছোট বোন সাইফা আক্তারকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান জান্নাতুল। সকালে তার ছোট বোনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।
পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন সাহ জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।