Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / গোপালগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল তিনজনের - Chief TV

গোপালগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল তিনজনের - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  22 views
গোপালগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল তিনজনের - Chief TV

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সেখানে ১৭ জন আহত যাত্রী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত পিরোজপুরের জিয়ানগর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে তার ধারণা। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক আছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


Share: