Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার - Chief TV

গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার - Chief TV

2026-09-02  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  33 views
গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার - Chief TV

নওগাঁর মান্দায় এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সুলতান মাহমুদ (২৪) ও পারভেজ হোসেন (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান পিস্তল, একটি খেলনা পিস্তল, ডেগারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সুলতান মাহমুদ উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আহম্মেদ আলী আকন্দের ছেলে এবং পারভেজ হোসেন একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একতা পরিবহনের একটি বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তারা বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন। ওই গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালানো হতো বলে পুলিশের দাবি। গ্যাংয়ে যোগ না দেওয়া কিশোরদের মারধর ও নির্যাতনের অভিযোগও রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তুড়ুকবাড়িয়া গ্রামের সাফি আল জাবের ওরফে নিরব (৩১) মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক তার পথরোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে নিরবকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি আহত হননি।

পুলিশ আরও জানায়, পরদিন ২৬ আগস্ট রাতেও ওই যুবকেরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় ওই দিন সাফি আল জাবের ওরফে নিরব বাদী হয়ে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।

মামলার পর মান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে শেরপুরের ফুড ভিলেজ এলাকা থেকে সুলতান মাহমুদ ও পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সুলতান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান পিস্তল, ডেগারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।


Share: