Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, ২ পুলিশ সদস্য প্রত্যাহার - Chief TV

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, ২ পুলিশ সদস্য প্রত্যাহার - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  41 views
হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, ২ পুলিশ সদস্য প্রত্যাহার - Chief TV

হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে থাকা অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাহ তপুর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া দুজন হলেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে অভিযান চালিয়ে শাহ তপুকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শাহ ফিরোজ মিয়ার ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তারের পর নবীগঞ্জ থানার হাজতে রাখা হয়।

পরে একই গ্রামের শাহ শুকুর আলীর ছেলে শাহ জুয়েল হাজতে থাকা শাহ তপুকে পানি দিতে যান। এ সময় তিনি কৌশলে নিজের মুঠোফোনে শাহ তপুর বক্তব্যের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিওতে শাহ তপুকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানা হাজতের নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। হাজতের মতো নিয়ন্ত্রিত স্থানে কীভাবে মুঠোফোন নিয়ে ভিডিও ধারণ করা সম্ভব হলো, তা নিয়েও প্রশ্ন ওঠে।

এ ঘটনায় অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী শাহ জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকেও সন্ত্রাসবিরোধী আইনে করা একই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহ তপুকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়েছিল। এ সময় জুয়েল তাঁকে পানি দিতে গিয়ে কৌশলে ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় জুয়েলকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এসআই মেহেদী ও নারী কনস্টেবল আফসানা মিমিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে।


Share: