Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন? - Chief TV

হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন? - Chief TV

2026-10-16  ডেস্ক রিপোর্ট  70 views
হঠাৎ কেন ভারত সফরে যাচ্ছেন মোজাম্মেলের মেয়ে মেহেরিন? - Chief TV

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরিন মুনজারিন রত্নাকে ভারত সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেরিনের ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।

গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটির বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুনের একটি চিঠিতে অনুমোদিত বিধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সফরের যাবতীয় ব্যয় মেহেরিন নিজেই বহন করবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুল করিম জানিয়েছেন, মেহেরিন তাঁর স্বামীর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার কথা উল্লেখ করে ছুটির আবেদন করেছেন। তবে কী ধরনের চিকিৎসা বা নির্দিষ্ট কোনো রোগের কথা আবেদনে উল্লেখ করা হয়েছে, তা নথি না দেখে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

এদিকে, রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে মেহেরিনের ভারত সফর নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তাঁর বাবা আ ক ম মোজাম্মেল হক ভারতে অবস্থান করছেন—এমন গুঞ্জনও রয়েছে। এ কারণে বাবার সঙ্গে দেখা করতেই তিনি ভারতে যাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মেহেরিন মুনজারিন রত্না। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর বাবার ওপর আস্থা রেখে শেখ হাসিনা তাঁকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন এবং তৃতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।


Share: