Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী - Chief TV

জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  38 views
জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী - Chief TV

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মো. পারভেজ মিয়া হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন গত ১৯ আগস্ট নূরুল ইসলাম সুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে রোববার শুনানির দিন ধার্য করেন। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন।

শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, একটি মামলায় জামিনের পর নতুন করে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি আদালতের বিবেচনা করা উচিত। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মামলার এজাহার বা ফরোয়ার্ডিংয়ে তার নাম না থাকা সত্ত্বেও তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, কেউ দোষী হলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। তবে কোনো ব্যক্তিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আগে মামলার নথিপত্র যাচাই করে বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া। ওই দিন বিকেল ৫টার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।


Share: