কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, অতীত থেকে শিক্ষা না নিয়ে বিএনপি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে। তিনি বলেন, কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়ার সুযোগ নেই। মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।
সাত দফা দাবি পূরণ না হলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। তিনি বলেন, দাবিগুলো না মানা হলে নতুন করে বিপ্লব অনিবার্য হয়ে উঠবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে।
ঠাকুরগাঁওয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দিয়ে বিএনপি জাল ভোট দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকারের দলীয় সংকীর্ণতার কারণে পুরো জাতি জিম্মি হয়ে পড়েছে। সাত দফা দাবি না মানলে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় বিগত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন।