Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে - Chief TV

কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  56 views
কেমন আছেন এক বছর আগে ভাইরাল হওয়া সেই বাবা-মেয়ে - Chief TV

নওগাঁর লামিয়া জান্নাত ও তার বাবার এক আবেগঘন মুহূর্তের ভিডিও এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। সাধারণ একটি পারিবারিক মুহূর্তের সেই ভিডিওতে বাবা-মেয়ের ভালোবাসার দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছিলেন অনেকেই। ভিডিওটি ভাইরাল হওয়ার এক বছর পরও সেই বাবাকে মনে রেখেছেন নেটিজেনরা।

২০২৫ সালের ২৫ আগস্ট লামিয়া জান্নাত তার ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। নিজেদের ঘরোয়া একটি মুহূর্তের ভিডিওটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির মাধ্যমে হাজারো মানুষ লামিয়া ও তার বাবার সঙ্গে পরিচিত হন।

এক বছর পর ২৮ আগস্ট দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে লামিয়ার ছোট বোনের ‘মালিহাস প্যাশন’ নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি আবার প্রকাশ করা হয়। সেখানে তিনি এক বছর পরও তাদের বাবার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মানের কথা তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, ভিডিওটি ধারণের সময় তারা ভাবতেও পারেননি যে এত মানুষ তাদের বাবাকে চিনবেন। অথচ পরিবারের কাছে ঘটনাটি ছিল একেবারেই স্বাভাবিক। সেদিন তাদের মেজো বোন বাবা-মাকে না জানিয়ে ঢাকা থেকে বাড়িতে এসে চমকে দেন। সেই আনন্দের মুহূর্তই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এক বছর পেরিয়ে গেলেও মানুষের ভালোবাসা কমেনি। পরিবারের সদস্যদের দাবি, তার বাবা প্রায়ই বাইরে থেকে বাড়ি ফিরে জানান, রাস্তাঘাটে কিংবা দোকানে এখনো অনেকে তার সঙ্গে দেখা করেন। তারা সেই পুরোনো ভিডিওটির কথা বলেন এবং তাকে সম্মান জানান।

কেউ কেউ এমনও বলেন, তারা তার মতো একজন ভালো বাবা হতে চান। পরিবারের সদস্যদের ভাষ্য, তাদের বাবার সঙ্গে সম্পর্কের এই দৃশ্য অনেক মানুষকে নিজের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।

এমন ভালোবাসায় আপ্লুত পরিবারটি সবার কাছে তাদের বাবার জন্য দোয়া চেয়েছে। তিনি যেন সব সময় সুস্থ, হাসিখুশি থাকেন এবং পরিবারের সঙ্গে ভালোভাবে জীবন কাটাতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

একটি সাধারণ পারিবারিক মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠা এই বাবা এক বছর পরও মানুষের ভালোবাসা ও সম্মান পাচ্ছেন। আর সেই ভালোবাসাই পরিবারটির কাছে হয়ে উঠেছে সবচেয়ে বড় পাওয়া।


Share: