Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি - Chief TV

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  22 views
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি - Chief TV

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুহাতো শহরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

বুধবার ইউলালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে লিওনেল স্কালোনি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংস্থাটি। সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে দেওয়া বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

ইউলালিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। প্রায় পাঁচ বছর ধরে তাঁর অসুস্থতা চলছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচের পর মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন স্কালোনি।

একই বছর কোপা আমেরিকার শিরোপা জয়ের পরও মাকে স্মরণ করেন আর্জেন্টিনার এই কোচ। ব্রাজিলকে হারিয়ে মারাকানা স্টেডিয়ামে শিরোপা জয়ের পর ট্রফিটি মায়ের জন্য উৎসর্গ করেছিলেন তিনি। সে সময় ইউলালিয়া গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দল একের পর এক বড় সাফল্য অর্জন করেছে। তাঁর কোচিংয়ে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ফিনালিসিমার শিরোপা জেতে দলটি। এসব সাফল্যের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে আর্জেন্টিনা।

ইউলালিয়া মারজেত্তি স্বামী অ্যাঞ্জেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে পুহাতো শহরে বসবাস করতেন। তাঁদের তিন সন্তান—লিওনেল, মাউরো ও কোরিনা। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউলালিয়া স্থানীয় পর্যায়ে বিচারকের দায়িত্বও পালন করেছিলেন।


Share: