নওগাঁর পোরশায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মো. সাগরের ছেলে নয়ন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা একত্রিত হয়ে তিনজনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অপরাধ স্বীকারের পর আইন অনুযায়ী তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলা নম্বর ১৮, ১৯ ও ২০। পরে আদালত তাদের জেল ও জরিমানা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।