Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / মেট্রোরেল স্টেশনে বসছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, থাকবে ব্যাগ স্ক্যানার - Chief TV

মেট্রোরেল স্টেশনে বসছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, থাকবে ব্যাগ স্ক্যানার - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  26 views
মেট্রোরেল স্টেশনে বসছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, থাকবে ব্যাগ স্ক্যানার - Chief TV

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্তে বিশেষ ফটক এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করতে স্ক্যানার ব্যবহার করা হবে।

রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নতুন নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল পরীক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি শরীরে বহন করা ধাতব বস্তু শনাক্ত করাও সহজ হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের জন্য গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। সংস্থাটির স্টোর ও ক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-সরকারি ক্রয় পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের আশা, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হলে মেট্রোরেল স্টেশনগুলোতে তল্লাশির সক্ষমতা বাড়বে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে।

তবে কতটি নিরাপত্তা যন্ত্র কেনা হবে, প্রথম পর্যায়ে কোন কোন স্টেশনে এসব সরঞ্জাম বসানো হবে এবং কবে থেকে নিয়মিত তল্লাশি শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি একই দরপত্রে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় নিম্ন ভোল্টেজের বৈদ্যুতিক ব্যবস্থা, ডিজেল জেনারেটর, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, বায়ু চলাচলব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ করা হবে।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে। নতুন নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়িত হলে মেট্রোরেল স্টেশনগুলোর প্রবেশপথে তল্লাশি আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: