রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ এই বাস সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এর উদ্বোধন হবে।
প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এই বিশেষ সেবার আওতায় যুক্ত হবে।
ঢাকায় মতিঝিল বাস ডিপো থেকে নতুন বাজার ও তালতলা থেকে মতিঝিল—দুটি রুটে বাস চলবে। নতুন বাজারের বাসটি উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। তালতলা-মতিঝিল রুটের বাসটি খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।
যাত্রাবাড়ী বাস ডিপো থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে একটি বাস চলবে। এই বাসটি বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে।
কল্যাণপুর বাস ডিপো থেকে মিরপুর-১০-মতিঝিল রুটে বাস চলবে। মিরপুর-১০ থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে বাসটি মতিঝিলে পৌঁছাবে।
মিরপুর বাস ডিপো থেকে মিরপুর-মতিঝিল এবং মিরপুর-১২-মতিঝিল—দুটি রুটে বাস চলাচল করবে। একটি বাস মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে। অন্যটি মিরপুর-১২ থেকে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে চলবে।
মোহাম্মদপুর বাস ডিপো থেকে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও থাকবে পিংক বাস। এটি শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে। জোয়ারসাহারা বাস ডিপো থেকে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটের বাসটি বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে।
এ ছাড়া গাজীপুর বাস ডিপো থেকে গাজীপুর-বিমানবন্দর রুটে বিশেষ বাস চলবে। বাসটি গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড ও আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।
ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।