রাজধানীর মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাঁধ এলাকায় মসজিদের দানকৃত জমি দখলের চেষ্টায় ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে। অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালানোর অভিযোগে মসজিদ কমিটির পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মসজিদটিতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগে জানা যায়, সরাই জাফরাবাদ মৌজার প্রায় ৪ কাঠা জমির মালিক ছিলেন মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান। ২০২২ সালের ২৮ এপ্রিল তারা জমিটি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রির মাধ্যমে দান করেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিদিন শত শত মুসল্লি সেখানে নামাজ আদায় করেন।
অভিযোগ রয়েছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত একদল ভূমিদস্যু মসজিদের জমির মালিকানা দাবি করে কমিটির সদস্য ও মুসল্লিদের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে মসজিদের জমি দখলের উদ্দেশ্যে টিনশেড ভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছে মসজিদ কমিটি।
ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মসজিদের জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।