Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

2026-09-02  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  35 views
মৃতদেহ সমাধী দিতে বাধা, অতর্কিত হামলায় আহত ৩

জয়পুরহাটে এক আদিবাসী কিশোরের মরদেহ সমাধি দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বজন ও আদিবাসী নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদের নেতাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চকমোহন গ্রামের পালী আদিবাসী সমাধি শ্মশানে এ ঘটনা ঘটে। মৃত কিশোর বিকাশ পাহান ওই এলাকার পিন্টু পাহানের ১৪ বছর বয়সী ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট বিকাশ পাহানের মৃত্যু হয়। পরদিন তার মরদেহ পালী আদিবাসী সমাধি শ্মশানে নিয়ে সৎকার ও সমাধির প্রস্তুতি নেওয়া হয়। এ সময় একদল ব্যক্তি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে মরদেহ সমাধিতে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে মরদেহ সমাধি দিতে আসা আদিবাসীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এতে বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সতিশ পাহান, পালী আদিবাসী সমাধি শ্মশানের সভাপতি অনুকূল কুর্মি এবং সাধারণ সম্পাদক শংকর আহত হন।

খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিকাশ পাহানের মরদেহ সমাধি দেওয়া হয়।

ঘটনার পর আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়রা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Share: