Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সুনামগঞ্জ / মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক কমিটি অনুমোদন - Chief TV

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক কমিটি অনুমোদন - Chief TV

2026-08-17  ডেস্ক রিপোর্ট  212 views
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক কমিটি অনুমোদন - Chief TV

এম এ মান্নান,মধ্যনগর,সুনামগঞ্জঃ
 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনপত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর। সদস্য বৃদ্ধি, পরিবর্তন ও কমিটি বাতিলের ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করবে। এ ছাড়া পত্র জারির ১৫ দিনের মধ্যে জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদনের পর সভাপতি শাহ সিরাজ কুতুবী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তারা কাজ করবেন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে ‘মানব সেবাই আমাদের উদ্দেশ্য’ স্লোগান বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটি তাদের ওপর যে আস্থা রেখেছে, তার যথাযথ মর্যাদা দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে সব ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ ও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি।

নবগঠিত উপজেলা কমিটির নেতারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।


Share: