Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / নেত্রকোনা / নেত্রকোনায় আবারও গুলি, যুবক আহত - Chief TV

নেত্রকোনায় আবারও গুলি, যুবক আহত - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  31 views
নেত্রকোনায় আবারও গুলি, যুবক আহত - Chief TV

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। একপর্যায়ে তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে তাঁকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, দুই মুখোশধারী প্রথমে পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চান। পরে তাঁদের একজন অস্ত্র বের করলে তাঁর স্বামী পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে পেছন থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: