নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার খবর পায় ডিবি পুলিশ। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় বাড়িটির শয়নকক্ষ তল্লাশি করে একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় আড়াই কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি আরও একজনের সহযোগিতায় ডিলার হিসেবে গাঁজার ব্যবসা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রায় দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।