Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু - Chief TV

নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু - Chief TV

2026-08-14  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  37 views
নওগাঁয় পরিবেশ ভারসাম্য রক্ষায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু - Chief TV

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁয় প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলার মশরপুর জামে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার প্রায় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে দুটি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৭ হাজার মসজিদ রয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও চারা রোপণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. মারুফ রায়হান, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে ফলজ গাছ থেকে স্থানীয়ভাবে ফলের চাহিদা পূরণে সহায়তা পাওয়া যাবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব গাছ লাগানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই পরিবেশ সুরক্ষায় তাদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি করে গাছ লাগাতে সবাইকে সচেতন ও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

জেলাজুড়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়নের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক সবুজায়ন বাড়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Share: