Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ওসির হাতে মন্ত্রীর জুতার ভিডিও নিয়ে পুলিশের বিবৃতি - Chief TV

ওসির হাতে মন্ত্রীর জুতার ভিডিও নিয়ে পুলিশের বিবৃতি - Chief TV

2026-08-13  ডেস্ক রিপোর্ট  65 views
ওসির হাতে মন্ত্রীর জুতার ভিডিও নিয়ে পুলিশের বিবৃতি - Chief TV

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) নামাজ পড়তে যান। মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন।

পুলিশের দাবি, মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। ওই সময়ের দৃশ্যকে কেন্দ্র করে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্থাটিকে ছোট ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলেও উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


Share: