Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি - Chief TV

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  31 views
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি - Chief TV

মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে থাকা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় স্বজনদের মধ্যেও শোকের আবহ নেমে আসে।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, কলাবাগানের এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহটি গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করা হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।


Share: