Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা - Chief TV

পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  51 views
পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা - Chief TV

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও শনিবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

জানা যায়, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তাঁর অভিযোগ, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, আন্দোলনে অংশ নিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি।

ভিডিওতে মহসিন ভূঁইয়া নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।

মহসিন ভূঁইয়া বলেন, তাঁদের দাবি, দ্রুত বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করতে হবে। সেখানে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

তবে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগের সঙ্গে একমত নন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী। তাঁর ভাষ্য, স্থানীয় সংসদ সদস্যের চাওয়ার পরিপ্রেক্ষিতে কমিটিটি গঠন করা হয়েছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা অনুমোদন দিয়েছেন। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।


Share: