Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে - Chief TV

প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  21 views
প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে - Chief TV

প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার ঘটনায় মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবককে সন্ত্রাসবিরোধী মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন মুবিন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীর গাড়িবহরের মধ্যে ঢুকে পড়েন তিনি। একপর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছাকাছি চলে যান মুবিন। চলন্ত গাড়ির কালো কাচের জানালার দিকে হাত উঁচিয়ে তাকে সালাম দিতেও দেখা যায়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাৎক্ষণিক তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আটকের পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানিয়েছিলেন, মুবিনের দেহতল্লাশি করে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ রহস্যজনক ছিল। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মুবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।


Share: