Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / পরিচয় মিলেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির - Chief TV

পরিচয় মিলেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  28 views
পরিচয় মিলেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির - Chief TV

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে ইসমাইল হোসেনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইসমাইল হোসেন বেকার ছিলেন। তাকে হত্যা করে কোনো একটি গাড়ি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, এক্সপ্রেসওয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। গাড়িগুলো শনাক্ত ও আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছে পুলিশ।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তখন তার মুখে স্কচটেপ লাগানো ছিল। পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে।


Share: