Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / প্রতিবন্ধী আদিবাসী যুবককে হত্যার অভিযোগ, আটক ৩ নারী - Chief TV

প্রতিবন্ধী আদিবাসী যুবককে হত্যার অভিযোগ, আটক ৩ নারী - Chief TV

2026-09-03  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  29 views
প্রতিবন্ধী আদিবাসী যুবককে হত্যার অভিযোগ, আটক ৩ নারী - Chief TV

নওগাঁর নিয়ামতপুরে সজল মালী (৩০) নামে এক আদিবাসী প্রতিবন্ধী যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ। নিহতের স্ত্রী দুলালী মালী বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া গ্রামের মালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল মালী ওই গ্রামের জিতেন মালীর ছেলে।

পুলিশ হেফাজতে নেওয়া তিনজন হলেন—হাসুড়া গ্রামের মানিক মালীর স্ত্রী মুক্তি রানী (৩৬), মৃত মদন মালীর স্ত্রী মন্ডবি মালী (৫৮) এবং রতন মালীর স্ত্রী মালা রানী (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন প্রতিবেশী ওই তিন নারীর সঙ্গে সজল মালীর কথা কাটাকাটি হয়। বুধবার সকালে সজল মালীর স্ত্রীর সঙ্গে তাদের ফের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে যান সজল মালী।

অভিযোগ অনুযায়ী, এ সময় তিন নারী ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই সজল মালীর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


Share: