Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়লেন নাহিদ-হাসনাতরা - Chief TV

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়লেন নাহিদ-হাসনাতরা - Chief TV

2026-08-30  ডেস্ক রিপোর্ট  55 views
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বৃষ্টির মধ্যেই সড়কে বসে পড়লেন নাহিদ-হাসনাতরা - Chief TV

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একাধিকবার পুলিশি বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। কখনো বালুর ট্রাক সরিয়ে, আবার কখনো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পর এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতগাঁও এলাকায় পৌঁছালে বড় ধরনের বাধার মুখে পড়ে। এ সময় বৃষ্টি শুরু হলে পুলিশি ব্যারিকেডের সামনে সড়কেই বসে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে নাহিদ ইসলামও ছিলেন।

এর আগে ঘটনাস্থলে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি থাকায় জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে এনসিপির নেতাকর্মীদের জেলা শহরের দিকে অগ্রসর হতে দেওয়া হচ্ছে না।

এদিকে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করছে।

বিজিবি জানিয়েছে, ১৪৪ ধারা কার্যকর এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে আইন মেনে চলা, নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক এনসিপি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নেতাদের কর্মসূচির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।


Share: