২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে প্রথমেই জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে তাদের কোলাকুলির দৃশ্য দেখা যায়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়।
ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।