Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট - Chief TV

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট - Chief TV

2026-08-15  ডেস্ক রিপোর্ট  40 views
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার কারণ জানাল বিরোধী জোট - Chief TV

দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে বাংলাদেশে। রাষ্ট্রপতি পদে এবার মুখোমুখি হচ্ছে সরকার ও বিরোধী পক্ষ। পঞ্চম জাতীয় সংসদে সর্বশেষ এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

এবার ২৩তম রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী জোট রাষ্ট্রপতি পদে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও বিরোধীরা কেন রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে—এমন প্রশ্নে জোট নেতারা বলছেন, তাদের লক্ষ্য জয়-পরাজয়ের হিসাব নয়; বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে তা জাতির স্বার্থকে পুরোপুরি প্রতিফলিত করে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি জাতির প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তিনি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, বিরোধী দলের স্বাতন্ত্র্য ও নিজস্ব অবস্থান থাকা প্রয়োজন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চাকে জনগণের সামনে নতুনভাবে তুলে ধরতেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বিরোধী জোটের নেতারা বলছেন, দলীয় পরিচয়ের বাইরে একজন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিককে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সামনে আনাও তাদের প্রার্থিতা দেওয়ার অন্যতম কারণ। তাদের মতে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে।

সারোয়ার তুষার বলেন, কর্নেল অলি আহমদ একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ রাজনীতিক। ১১ দলের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য এবং তুলনামূলকভাবে জ্যেষ্ঠ হওয়ায় তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিকে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান দলীয় প্রভাবমুক্ত করার দাবিও জানিয়েছে বিরোধী জোটের নেতারা। তাদের মতে, রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর ও অর্থবহ করতে ভোটারদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।


Share: