বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ঐতিহাসিক স্থাপনা, রেলওয়ে জাদুঘর ও কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক (ডব্লিউএম) মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে তিনি ব্রিটিশ আমলের ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন, রেলওয়ে কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর এবং ব্রিটিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন চিনি মসজিদও পরিদর্শন করেন।
এর আগে দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তাকে স্বাগত জানান নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. শফিকুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।
সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডিয়ান ডাওকে, মার্কিন দূতাবাসের কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ও তার পরিদর্শনস্থলগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সৈয়দপুর সফর প্রসঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ রেলওয়েতে এটি তার জীবনের প্রথম ভ্রমণ এবং অভিজ্ঞতাটি অত্যন্ত চমৎকার। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনে ভ্রমণ করলেও বাংলাদেশের এই ট্রেনযাত্রা তার কাছে বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এদিন তিনি যে ট্রেনে ভ্রমণ করেছেন, সেটির লোকোমোটিভ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রগ্রেস রেলের তৈরি বলেও উল্লেখ করেন।