Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / নড়াইল / সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ - Chief TV

সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  18 views
সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ - Chief TV

নড়াইল শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে মুখোশধারী একদল ব্যক্তি বাড়ির সদস্যদের জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার।

প্রকৌশলী মানিক বিশ্বাস নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা এলাকার প্রয়াত সুধীর কুমার বিশ্বাসের ছেলে। তিনি ঢাকায় বসবাস করেন। তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার বিশ্বাস ওই বাড়িতে থাকেন।

পরিবারের সদস্যরা জানান, দুর্গাপূজা ও একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এসেছিলেন। অনুষ্ঠানের কারণে তাঁদের কাছে স্বর্ণালংকারও ছিল। রোববার ভোররাতে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে তারা।

পরিবারের অভিযোগ, ডাকাতেরা সদস্য ও আত্মীয়স্বজনের প্রায় ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা এবং একটি ক্যামেরা নিয়ে যায়। লুট হওয়া মালামালের মোট মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা বলে দাবি তাঁদের।

অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার বিশ্বাস জানান, তিন-চারজন ডাকাত তাঁর কক্ষে ঢুকে প্রথমে তাঁর হাত বেঁধে ফেলেন। এরপর টাকা-পয়সার খোঁজ করেন। আলমারিতে থাকা টাকা দেখিয়ে দিলে ডাকাতেরা পরিবারের সবাইকে তাঁর ছোট মেয়ের কক্ষে নিয়ে যায়। চিৎকার করলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। ডাকাতেরা শুরুতেই পরিবারের সদস্যদের মুঠোফোন নিয়ে নিয়েছিল।

খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share: