শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত ছিলেন বলেও জানা গেছে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল থানা পুলিশ অভিযান চালিয়ে তানিম রেজা বাপ্পিকে আটক করেছে।
তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।