Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে দুই ‘বড় প্রশ্ন’ মির্যা গালিবের - Chief TV

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে দুই ‘বড় প্রশ্ন’ মির্যা গালিবের - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  39 views
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে দুই ‘বড় প্রশ্ন’ মির্যা গালিবের - Chief TV

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব। তাঁর মতে, অভিযুক্ত ব্যক্তিরা অপরাধী হলে তাঁদের বিচার হওয়া স্বাভাবিক। তবে তাঁরা ন্যায়বিচার পেয়েছেন কি না এবং তাঁদের আইনি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস কী ভূমিকা রেখেছে, তা খতিয়ে দেখা জরুরি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন তিনি।

মির্যা গালিব বলেন, সৌদি আরবে বিদেশি নাগরিক হিসেবে অভিযুক্ত দুই বাংলাদেশি দেশটির ভাষা ও আইনকানুন সম্পর্কে কতটা জানতেন, তাঁরা যথাযথ আইনজীবী নিয়োগের সুযোগ পেয়েছিলেন কি না—এসব বিষয় ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযুক্তদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিচার চলাকালে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে কিছু জানায়নি। তাঁর প্রশ্ন, অভিযুক্ত দুই ব্যক্তি ইউরোপের কোনো দেশ বা যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তাঁদের ক্ষেত্রেও একই শাস্তি দেওয়া হতো কি না।

বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অধ্যাপক। তাঁর মতে, সৌদি কর্তৃপক্ষ তথ্য না দিলেও দূতাবাসের নিজস্ব উদ্যোগে কিংবা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করা উচিত ছিল। প্রবাসীদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ ও সম্পর্ক কতটা কার্যকর, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

মির্যা গালিব বলেন, প্রবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশে রেমিট্যান্স আসে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের কল্যাণে দূতাবাসের কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন। তাঁর মতে, এই ঘটনায় অভিযুক্ত বাংলাদেশিদের আইনি সহযোগিতা দেওয়া এবং তাঁদের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ছিল দূতাবাসের।

দূতাবাস প্রবাসীদের ন্যূনতম তথ্যও দিতে পারছে না বলে অভিযোগ করে তিনি বলেন, যেসব দেশ থেকে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে, সেসব দেশে দূতাবাসগুলোর উচিত প্রবাসীদের সেবাকে অগ্রাধিকার দেওয়া। প্রবাসীদের উপার্জন দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাঁদের কল্যাণে রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।


Share: