Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ - Chief TV

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ - Chief TV

2026-10-25  ডেস্ক রিপোর্ট  30 views
স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ - Chief TV

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতির পরিধি বাড়াতে সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফরে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শামা ওবায়েদ। ‘দৃঢ় অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

প্রদর্শনীর মূল লক্ষ্য স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজারের সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ অনুসন্ধান করা হবে তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

এ ছাড়া দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন এ সফর। সংশ্লিষ্ট খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


Share: