লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সরকার গঠনের পরপরই জনগণের মুখে এমনভাবে সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন শুনেননি। বিভিন্ন স্থানে মানুষ বিএনপিকে আর ভোট না দেওয়ার কথাও বলছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন অলি আহমদ।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে আয়োজন করা সম্ভব নয়। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নেতাকর্মীদের ঘুম থেকে ওঠার বিষয়েও কটাক্ষ করেন।
বিএনপি নেতাদের পূর্বের আন্দোলনের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, একসময় গ্যাস ও বিদ্যুতের দাবিতে সরকারকে গদি ছাড়ার আহ্বান জানানো হয়েছিল। এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতারা কী বলবেন—সেই প্রশ্নও তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রসঙ্গ উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, দেশ পরিচালনার জন্য ঈমানদার ও সৎ মানুষকে বেছে নিতে হবে। বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় ঐক্যের কর্মসূচির বিষয়ে অলি আহমদ বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে। প্রথম ধাপের কর্মসূচি শেষ করে এখন দ্বিতীয় ধাপে আন্দোলন শুরু হয়েছে বলেও জানান তিনি। সরকারকে সঠিক পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, তাদের লক্ষ্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তবে পথে কেউ বাধা সৃষ্টি করলে তা শক্তভাবে মোকাবিলার কথাও বলেন তিনি।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, সরকার যাত্রার শুরুতেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি কোনো হঠকারী সিদ্ধান্ত নয়; বরং জনগণের দাবি ও প্রত্যাশা থেকে এই আন্দোলনের সূচনা হয়েছে।
সরকারকে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, লং মার্চের মাধ্যমে তারা তাদের বার্তা পৌঁছে দিতে শুরু করেছেন। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে ভুল পথে চললে অতীতের স্বৈরশাসকদের মতো পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।