সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ, এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ আগস্ট ওই বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে এক নারী ও পুরুষ ওঠেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বাসাটির দরজা-জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
শুক্রবার রাতে ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করছে। পাশাপাশি ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি।